দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় চুরি হওয়া একটি ফ্রিজ থানার এক উপপরিদর্শকের (এসআই) বাসায় পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা মুনছের আলীর বাসা থেকে প্রায় দেড় মাস আগে একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় তার ছোট ভাই মাসুম আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ভ্যানগাড়িতে করে মালামাল নেওয়ার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশ ভ্যানটি আটকায়। তবে অভিযুক্ত মাসুম পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে সিংড়া থানার এসআই নজরুল ইসলাম ফ্রিজ ও অন্যান্য মালামাল তার ভাড়া বাসায় নিয়ে যান। পরদিন মাসুম সেখানে গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে এসআই নজরুল ইসলাম স্ট্যাম্পের মাধ্যমে ১১ হাজার ৫০০ টাকায় ফ্রিজটি কিনে নেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী মুনছের আলী বলেন, আমার ছোট ভাই বাসা থেকে ফ্রিজ চুরি করেছিল। পরে থানায় গিয়ে মালামাল ফেরতের জন্য অভিযোগ করি।
তার মা মর্জিনা বেগম বলেন, পরে জানতে পারি ফ্রিজটি পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের কাছে আছে। পরে টাকা দিয়ে সেটি ফেরত নিতে হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার সিংড়া সার্কেল অফিসে আপোষ মীমাংসার মাধ্যমে তারা ফ্রিজটি ফেরত পান।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এসআই নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করলেই ভালো হয়। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
অভিযোগ রয়েছে, ঘটনাটি দ্রুত মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। তবে সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী বলেন, আমি বিষয়টি জানি না।
নাটোরের পুলিশ সুপার শরীফুল হক বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জে আই